দীর্ঘায়িত হচ্ছে নোভাক জোকোভিচের কোর্টে ফেরার অপেক্ষা। কাঁধের চোট পুরোপুরি সেরে না ওঠায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই সার্বিয়ান মহাতারকা।
২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ সর্বশেষ এক মাস আগে ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে জ্যাক ড্র্যাপারের বিপক্ষে খেলেছিলেন। সেই হারের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি সাবেক এই বিশ্বসেরাকে।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম পোস্টে ৩৮ বছর বয়সী জোকোভিচ লিখেন, দুর্ভাগ্যবশত এ বছর আমি মাদ্রিদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। দ্রুত কোর্টে ফেরার জন্য আমার সুস্থতার লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই সবার সাথে দেখা হবে।
চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমান র্যাঙ্কিংয়ের চার নম্বর এই তারকার। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এরপর ক্লান্তির দোহাই দিয়ে দোহা ওপেন এবং পরবর্তীতে কাঁধের চোটের কারণে মিয়ামি ও মন্টে কার্লো ইভেন্ট থেকেও সরে দাঁড়ান এই টেনিস কিংবদন্তি। মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ানোয় তার ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।
এই বছর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন জোকোভিচ। এক মাসের মধ্যে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। এমন সময়ে কোর্টে প্রস্তুতি না নিতে পারা হবে জোকোভিচের জন্য বড় ধাক্কা।
আরটিভি/এমআই




